ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় দেড় বছর বয়সী আলী আহাদ নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আলী আহাদ ওই গ্রামের আলী আকবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলতে খেলতে ঘরের বাইরে বের হয়ে যায় শিশুটি। একপর্যায়ে প্রতিবেশীর বাড়ির টয়লেটের খোলা গর্তে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান জানান, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে চলে যান।”
স্থানীয়রা জানান, খোলা টয়লেটের গর্তটি দীর্ঘদিন ধরে এমনভাবেই পড়ে ছিল। এ নিয়ে কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন