ঢাকা, ৭ এপ্রিল: সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় জানান, হামলাকারীদের ভিডিও ফুটেজ ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে এবং শনাক্তের কাজ চলছে।
আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনসিদ্ধ প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না।”
এদিকে, দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের অভ্যন্তরে এমন দুঃখজনক পরিস্থিতি আমাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।”
তিনি আরও বলেন, “এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।”
ব্যবসায়ী মহল ও বিনিয়োগ সংশ্লিষ্টরা এসব ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

একটি মন্তব্য পোস্ট করুন