কুড়িগ্রাম, ৭ এপ্রিল – কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্ত এলাকায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলাকালে সীমান্তসংলগ্ন প্রায় ২৫০ মিটার এলাকায় এই বাধা সৃষ্টি হয়।
স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে ভেকু দিয়ে খননকাজ চলছিল। এ সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী বিএসএফ ক্যাম্প থেকে সদস্যরা এসে সরাসরি খননকাজে বাধা দেন এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানিয়ে কাজ বন্ধ রাখতে বলেন।
বিষয়টি নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার শাহিন সিকদার জানান, স্থানীয় সরকার বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের আওতায় দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, “প্রায় আড়াই কিলোমিটার সড়কের মধ্যে সীমান্তসংলগ্ন ২৫০ মিটার এলাকায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বিজিবি-বিএসএফ আলোচনা শেষে দ্রুত ওই অংশেও কাজ শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কটি বাস্তবায়ন হলে এলাকার মানুষ সহজেই সীমান্তঘেঁষা গ্রামগুলোতে যাতায়াত করতে পারবে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন