ব্রেকিং নিউজ

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ‘মার্চ ফর গাজা’ ঘিরে দুই পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫



নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ার জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকার দুটি পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শতাধিক মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আদমজী ইপিজেডের সামনে মিছিল করছিলেন। মিছিলটি পরে ইপিজেডের ভেতরে ঢুকে শ্রমিকদেরও এতে অংশগ্রহণ করতে বলে। তবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ না করায় উত্তেজিত মিছিলকারীরা ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর চালায়। এসময় আশেপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, শিল্প পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ভাঙচুরে জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করা হয়। আটককৃতদের সেনাবাহিনী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঘটনাটি আমরা পরে জানতে পারি। তবে র‍্যাব ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, “ফিলিস্তিন ইস্যু একটি মানবিক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ ইস্যু। এখানে সব দলের মানুষ থাকেন। এ ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইপিজেড এলাকাজুড়ে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language