ব্রেকিং নিউজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের সংঘ'র্ষ, আহত ৬, আটক ৩



গাইবান্ধা, ১২ এপ্রিল:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মণ্ডলেরহাট বাজারে কথাকাটাকাটির জেরে ছাত্রদল ও আওয়ামী লীগপন্থি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

শনিবার রাত ৮টার দিকে ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতার ভাই বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বাবুর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ও মঞ্জুরুলসহ অন্যরা শফিকুলের ওপর হামলা চালায়।

শফিকুল আশ্রয়ের জন্য পাশের দোকানে পালিয়ে গেলে সেখানেও হামলা চালানো হয়। খবর পেয়ে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধারে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি দাবি করেছে, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল বলেন, "আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।"

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাবুর দুই ভাইসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা বাবু পালিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, "বসার বেঞ্চে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। যদিও উভয়পক্ষের রাজনৈতিক পরিচয় আছে, এটি সরাসরি রাজনৈতিক সংঘাত নয়। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language