পটনা/লখনৌ, ১১ এপ্রিল ২০২৫: বর্ষার আগমনের পূর্বেই প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডবে বিপর্যস্ত ভারতের বিহার ও উত্তরপ্রদেশ রাজ্য। বিগত ৪৮ ঘণ্টায় শুধুমাত্র বিহারে প্রাণ হারিয়েছেন ৩৯ জন, আর উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিহার প্রশাসন।
বিহারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা নালন্দা, যেখানে একাই প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলায় হয়েছে ব্যাপক শিলা বৃষ্টি, যার কারণে ফসলেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
বিহার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নালন্দা, মধুবনী, পূর্ব ও পশ্চিম চম্পারণসহ বেশ কয়েকটি জেলায় ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও বজ্রপাত এবং বৃষ্টিতে প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। রাজ্য প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি পরিবর্তনের সময় এ ধরনের বজ্রপাত ও শিলা বৃষ্টি সাধারণ হলেও চলমান পরিস্থিতি বিশেষভাবে বিপজ্জনক। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের ঝড় ও বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন