রাওয়ালপিন্ডি, ১১ এপ্রিল ২০২৫: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এবারই প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। টুর্নামেন্ট চলবে আগামী ১৮ মে পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। এই ম্যাচেই লাহোরের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তবে একাদশে তার থাকা এখনও নিশ্চিত নয়। এছাড়াও বাংলাদেশের লিটন দাস ও নাহিদ রানা এবারের পিএসএলে অংশ নিচ্ছেন। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে আর নাহিদ মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে।
পিএসএলের দশম আসর ঘিরে আগ্রহের কমতি নেই বাংলাদেশি সমর্থকদের মাঝেও। উদ্বোধনী দিন থেকেই টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে নজর থাকবে কোটি দর্শকের।
পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেন, “আমরা অত্যন্ত রোমাঞ্চিত যে পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণা করতে পেরেছি। গত এক দশকে এটি শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে।”
এদিকে, পাকিস্তানি পেসার হাসান আলীর এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন, “পিএসএল শুরু হলে আইপিএলের দর্শক হারাবে।” তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস ও করাচি কিংস। ১৮ মে লাহোরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

একটি মন্তব্য পোস্ট করুন