ব্রেকিং নিউজ

বৈশাখের আগেই ইলিশের দামে আগুন, সাধারণের নাগালের বাইরে জাতীয় মাছ



ঢাকা, ১১ এপ্রিল ২০২৫: পহেলা বৈশাখ সামনে রেখেই ইলিশের বাজারে আগুন! রাজধানীর কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বড় আকারের ইলিশ মিলছে হাতে গোনা কয়েকটি দোকানে। দাম শুনে অনেকেই শুধুই জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। তবে উচ্চবিত্তদের মাঝে এখনো শখের বশে ইলিশ কেনার প্রবণতা দেখা যাচ্ছে।

বিক্রেতারা দাবি করছেন, এসব ইলিশ সাগর কিংবা হিমাগার থেকে আনা হলেও তা ‘নদীর টাটকা মাছ’ বলে বিক্রি করা হচ্ছে। বড় আকৃতির ইলিশের দাম ২ হাজার টাকা ছাড়িয়ে গেছে, ৮০০ থেকে ৯০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে ১,৭০০ টাকায়। তবে এসব দাম সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের নাগালের বাইরে।

শৈশবের স্মৃতি বলছে, পান্তা, আলু ভর্তা আর ইলিশ ভাজা ছাড়া বৈশাখ যেন অসম্পূর্ণ। কিন্তু আজকের বাস্তবতায়, গরীবের পাতে জাতীয় মাছ যেন হারিয়ে যেতে বসেছে।

জাটকা রক্ষায় চলছে সরকারের নিষেধাজ্ঞা, তাই এই সময়ে বাজারে ইলিশ থাকার কথা নয়। তবুও চাঁদপুরসহ কিছু এলাকায় গোপনে ইলিশ কেনাবেচা চলছে বলে জানা গেছে। অনেক জায়গায় এসব মাছ বৈধ পথে আসছে না, অভিযোগ উঠেছে চড়া দামে কালোবাজারিরও।

ভোলা উপকূলেও এবার কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। ফলে রাজধানীসহ বড় বড় শহরে চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলমান জাটকা সংরক্ষণ কর্মসূচি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তার আগে বাজারে বৈধ ইলিশ আসার সুযোগ নেই। ফলে বৈশাখে ‘পান্তা-ইলিশ’ বিলাস শুধুই স্মৃতির পাতায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে অধিকাংশ পরিবারের জন্য।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language