গাজা, ২ মে — অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩১ ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৫৬ জন। এর মধ্য দিয়ে গাজায় চলমান সংঘাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪০০-এ।
শুক্রবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার ভোরেও কয়েকটি স্থানে হামলার খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আহতদের মধ্যে অন্তত ৫৬ জনকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১ জনে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ১,২০০ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
১৫ মাস ধরে চলা সংঘাতের মাঝে চলতি বছরের ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে ফের গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে।
জাতিসংঘ বলছে, চলমান এই সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন