গাজায় মানবিক সংকট চরমে, ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ


গাজা, ১ মে — ইসরায়েলের টানা হামলার কারণে চরম মানবিক সংকটে পড়েছে গাজা উপত্যকার লাখো ফিলিস্তিনি। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অসংখ্য শিশু ও বেসামরিক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১ মে) এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, জরুরি সহায়তা সামগ্রী বহনকারী প্রায় ৩ হাজার ট্রাক গাজার প্রবেশদ্বারে আটকে রয়েছে। এসব ট্রাকে খাদ্য, ওষুধ ও জীবনরক্ষাকারী সরঞ্জাম থাকলেও ইসরায়েল তা প্রবেশ করতে দিচ্ছে না।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, গাজার অন্তত ১০ লাখ শিশু এই সহায়তার ওপর নির্ভরশীল। জাতিসংঘ সতর্ক করে বলেছে, দ্রুত মানবিক সহায়তা প্রবেশ না করলে গাজা ‘সম্পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে’ পৌঁছে যাবে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তাদের পাঠানো খাদ্য, ওষুধ ও জ্বালানি বহনকারী ট্রাকগুলোর প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে। সংস্থাটি আরও বলেছে, প্রবেশাধিকার পেলে তারা অবিলম্বে সাহায্য কার্যক্রম শুরু করতে প্রস্তুত।

ইউএনআরডব্লিউএর বিবৃতিতে বলা হয়, “গাজার ১০ লাখ শিশু এই সহায়তার ওপর নির্ভরশীল। এই ত্রাণ ছাড়া তাদের জীবন হুমকির মুখে পড়বে।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language