ঢাকা, ১ মে ২০২৫ (বৃহস্পতিবার)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামটরে মহান মে দিবস উপলক্ষে এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
হাসনাত বলেন, “ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা এখনও কেবল খাতা-কলমেই সংখ্যায় রয়ে গেছেন। আমরা চাই, তারা প্রকৃত নাগরিক হিসেবে স্বীকৃতি পান এবং সম্মানিত হোন।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। যে দলই ক্ষমতায় আসুক, শ্রমিকদের অধিকার নিশ্চিত করাই তাদের কর্তব্য।”
প্রবাসী শ্রমিকদের অবদান স্মরণ করে তিনি প্রশ্ন রাখেন, “প্রবাসীরা দেশে কোটি কোটি টাকা পাঠায়, কিন্তু দেশ তাদের কী দিয়েছে? অনেকেই ফিরে এসে পরিবারের বোঝা হয়ে পড়েন।”
হাসনাতের মতে, প্রবাসী শ্রমিকদের ভোট থেকে বঞ্চিত রাখা মানে রাজনৈতিক বৈষম্য তৈরি করা। তিনি বলেন, “ক্ষমতা নির্ধারণে প্রবাসীদের মূল্যায়ন না করা হলে তা গণতন্ত্রের পরিপন্থী। নির্বাচন কমিশনকে এখনই উদ্যোগ নিতে হবে, যাতে আগামী নির্বাচনে প্রবাসীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
এনসিপি নেতার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে—প্রবাসী ও শ্রমজীবী জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন ও গণতন্ত্র দুই-ই অসম্পূর্ণ থেকে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন