নাটোর, ৮ এপ্রিল: নাটোরের লালপুরে গ্রেফতারের পর থানা থেকে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে লালপুর থানা চত্বরে এই নাটকীয় ঘটনা ঘটে।
আটক হওয়া রুবেল উদ্দিন গৌরিপুর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলকে আটকের পর থানায় নিয়ে আসা হলে ছাত্রদল ও যুবদলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত হন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। পুলিশের অসম্মতিতে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়, এবং ধস্তাধস্তির মধ্যে রুবেলকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান তারা।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, “আমার জানা মতে রুবেল ওই গুলির ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে থানায় আসলে ঠিক কী ঘটেছে, সেটা আমরা খোঁজ নিচ্ছি।”
ঘটনা নিয়ে যোগাযোগ করা হলে লালপুর থানার ওসি নাজমুল হক ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান।
এদিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুবেলকে থানায় আনা হয়েছিল। পরে তার অনুসারীরা জোরপূর্বক তাকে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে কিছু নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে।”
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুনরায় এমন ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন