চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল: ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাদের ক্ষোভ ও দাবি
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মোড়লরা নির্বিকার।”
তারা অবিলম্বে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা এবং সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ছাত্রদলের অবস্থান ও অঙ্গীকার
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধভাবে পাশে ছিল, আছে এবং থাকবে।” তারা জানান, ফিলিস্তিন সম্পূর্ণ স্বাধীন ও শান্তিপূর্ণ না হওয়া পর্যন্ত এই গণজাগরণ চালিয়ে যাবে ছাত্রদল।

একটি মন্তব্য পোস্ট করুন