মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজারের বেশি কর্মীর টাকা ফেরতের নির্দেশ, ২৭ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ



নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা আগামী ২৭ আগস্টের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ‘মালয়েশিয়া-কাণ্ড’ সম্পর্কিত একটি রিপোর্ট আদালতে দাখিল করে। সেখানে বলা হয়, ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিগুলো।

এর আগে, আইনজীবী তানভীর আহমেদ এ বিষয়ে একটি রিট আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনেক কর্মী সম্পূর্ণ অর্থ পরিশোধ করে এবং ভিসা পাওয়ার পরও মালয়েশিয়া যেতে পারেননি। এ অবস্থায় রিক্রুটিং এজেন্সিগুলোকে ভুক্তভোগী কর্মীদের পূর্ণ টাকা ফেরত দিতে বাধ্য করার দাবি জানানো হয়।

তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এজেন্সিগুলোর কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে কি না বা দিয়ে থাকলে কত শতাংশ টাকা ফেরত দেওয়া হয়েছে — সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে আদালত আগামী ২৭ আগস্টের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশ পায়। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি চক্র প্রায় ৩০ হাজার শ্রমিকের জীবন ধ্বংস করে প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language