ঢাকা, ১১ এপ্রিল:
জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত। তাদের নতুন দলটির নাম রাখা হয়েছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তারা। দলটির প্রধান উদ্যোক্তা জুনায়েদ তার পোস্টে লেখেন, "জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।"
তিনি আরও জানান, জুলাই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে দলটি এগিয়ে যাবে। দলটির প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— পিলখানা, শাপলা ও জুলাইয়ের গণহত্যার বিচার, ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে স্বাবলম্বী করে তোলা।
দলটির দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোতে রয়েছে— রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধ-ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার। পাশাপাশি, দুর্নীতি ও পেশিশক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটানোও দলের উদ্দেশ্যের মধ্যে রয়েছে।
‘আপ বাংলাদেশ’ ঘোষণায় চারটি প্রধান সংকট থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকার করা হয়: ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি। এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েই আগামী দিনে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হতে চায় দলটি।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ, জুনায়েদ ও রিফাত জানিয়েছিলেন যে এপ্রিল মাসেই জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে। এ লক্ষ্যে তারা জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের আগেই নতুন উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করেন।
দলের পক্ষ থেকে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন