মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃ'ত্যুর অভিযোগ



ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম ওবায়দুল (২৩), তিনি মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক। তার বাবার নাম হানিফ আলী।

রবিবার (২৭ এপ্রিল) সকালে সীমান্তবর্তী মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ওবায়দুল আর ফেরেননি। পরিবারের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে।

৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারতের দুই শত গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তারা। তবে মরদেহটি বাংলাদেশের কোনো নাগরিকের কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করছে বলে জানান তিনি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোররাতে যাদবপুর সীমান্তের ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে সীমান্তের কাছাকাছি গেলে ভারতীয় ভূখণ্ডে মরদেহটি দেখতে পান তারা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন। তবে সেটি বাংলাদেশি কোনো ব্যক্তির কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language