ব্রেকিং নিউজ

বাউফলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ফরিদ গাজী গ্রেফতার



পটুয়াখালী, ১১ এপ্রিল

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, লুটপাট ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফলে ফরিদ গাজী (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

ফরিদ গাজীর বিরুদ্ধে মারধর, ভাঙচুর, অন্যের গাছ ও পুকুরের মাছ লুট করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যানারে নিজের অবস্থান তৈরি করে ফরিদ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় আগেও একাধিক অভিযোগ দাখিল হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরিদ গাজীর জীবনযাপন ছিল বেপরোয়া এবং আচরণ ছিল উচ্ছৃঙ্খল। নিজেকে ‘উন্মাদ’ হিসেবে প্রচার করতেন তিনি। এমনকি মারামারির জন্য ভাড়ায় লোকজন নিয়েও কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, মামলার বাদী দেলোয়ারা বেগম অভিযোগ করেছেন, এজাহার জমা দেয়ার সময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন ফরিদ গাজীকে আসামির তালিকা থেকে বাদ দিতে চাপ দেন।

তবে মুজাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আগামী ২০ তারিখ সালিশ নির্ধারিত আছে। যেহেতু এটি পারিবারিক সমস্যা, তাই বলেছি নিজেদের মধ্যে সমাধান করা যায় কিনা দেখার জন্য। কোনোভাবেই মামলা থেকে নাম বাদ দিতে বলিনি।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন যমুনা টেলিভিশনকে জানান, ফরিদ গাজী গ্রেফতার হয়েছেন এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language