ব্রেকিং নিউজ

সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে অর্থ আয়ের অভিযোগে গ্রেফতার ‘ক্রিম আপা’ শারমিন শিলা


ঢাকা, ১১ এপ্রিল: সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্থ আয়ের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগের দিন, আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শারমিন শিলা একজন বিউটিশিয়ান এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, যিনি 'ক্রিম আপা' নামে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয়। তিনি নিজের তৈরি বিউটি ক্রিম বিক্রির পাশাপাশি সন্তানদের নিয়ে বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে থাকেন।

তাকে গ্রেফতারের পেছনে মূল কারণ হিসেবে একটি ভাইরাল ভিডিওকে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটি গত ৩ মার্চ শারমিনের নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রকাশ পায়, যেখানে দেখা যায়—তিনি তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন। শিশুটি স্পষ্টভাবে খেতে না চাইলেও শারমিন এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে কেকজাতীয় খাবার ঢোকাতে থাকেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এজাহারে আরও বলা হয়েছে, শারমিন শিলা সন্তানদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তার এই কার্যকলাপ শিশু আইন ২০১৩ এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

‘ক্রিম আপা বিউটি পার্লার’-এর মালিক শারমিন শিলার ভিডিও কনটেন্টে প্রায়ই তার মেয়েকে আতঙ্কিত, চুপচাপ বা কাঁদতে দেখা যায়। এতে শিশুটির উপর মানসিক চাপ এবং নির্যাতনের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই একশো’ গত ৬ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শারমিন শিলার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। জেলা প্রশাসন তিন দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়, যার ফলস্বরূপ শারমিন শিলাকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language