ঢাকা, ১২ এপ্রিল:
গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ইসরায়েলি পত্রিকা দ্য টাইমস অব ইসরায়েল শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
‘বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ লোকের বিক্ষোভ, নেতানিয়াহু ও তার সমর্থনকারীদের ছবি পদদলিত’ শিরোনামের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রায় এক লাখ মানুষ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরায়েলকে সমর্থনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি মাটিতে ফেলে পদদলিত করেন। একই সঙ্গে গাজার নিরীহ বেসামরিক হতাহতের প্রতিবাদে প্রতীকী মরদেহ বহন করে মিছিলেও অংশ নেন অনেকে।
দ্য টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বিক্ষোভের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। এ অবস্থায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ চললেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এর প্রতিবাদে জনমত আরও দৃঢ়ভাবে প্রকাশ পাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন