বাউফল, পটুয়াখালী, ১২ এপ্রিল:
পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ কনকদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে কনকদিয়া ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই দেলাওয়ার হোসেন ও আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ মার্চ দেলাওয়ার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নেয়। শনিবার আব্দুর রহিম জমিটি পুনরুদ্ধারে দলবল নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দেলাওয়ার পক্ষের ইউসুফ আলী (৫৫), রিনা বেগম (২০), শহীদ হাওলাদার (৫০), নাদিম ইসলাম (১৭), সালমা বেগম (৪৯), মনির হাওলাদার (৩৫) ও আবদুর রহমান (২৯) এবং আব্দুর রহিমের পক্ষের সাবিনা বেগম (৫৫), রাশেদা (৫০), হালিমা বেগম (৬০) প্রমুখ রয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষ চলাকালে বিরোধপূর্ণ জমিতে নির্মিত বসতঘরও ভাঙচুর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে পুরনো বিরোধ ছিল। আজ সংঘর্ষের পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন