পঞ্চগড়, ১২ এপ্রিল:
বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১২ এপ্রিল) সকালে পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “বাংলাদেশ ও ভারত প্রতিবেশী রাষ্ট্র, একে অপরের মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারতের আচরণের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক কেমন হবে।”
তিনি আরও বলেন, “কোন রাজনৈতিক দলের মতাদর্শের ভিত্তিতে নয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত যেন বাংলাদেশের সঙ্গে চুক্তি করে – সেটিই আমাদের প্রত্যাশা।”
সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর আলোচিত বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “এটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এটি বিএনপির দলীয় অবস্থান নয়।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা মাশরুম ও মুক্তা চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সরকারিভাবে আরও প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন