নাটোর, ১২ এপ্রিল:
নাটোর জেলা আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণ, রুপা ও টাকার একটি বড় অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামে পুলিশ। পরে কোর্ট ভবনের পেছনে অবস্থিত সার্কিট হাউসের একটি ড্রেন থেকে ১৬ ভরি স্বর্ণালংকার, ২৫ কেজি রুপা এবং চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অবশিষ্ট অর্থ জেলার বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মাহাবুর রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে চুরির এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশের তৎপরতা বাড়ে এবং এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ বলছে, চক্রটির পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন