ব্রেকিং নিউজ

ঈদের পর রাজধানীর বাজারে পণ্যদামের মিশ্র চিত্র, কমেছে মাংসের দাম



ঢাকা, ১১ এপ্রিল

ঈদের ছুটির শেষে আবারো চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। বাজারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য— বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দর-কষাকষিতে জমে উঠেছে রাজধানীর বাজারগুলো। তবে ভোক্তাদের জন্য সুখবর ও চিন্তার দুটো দিকই রয়েছে— কিছু পণ্যের দাম কমলেও বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শসা, পটল ও বেগুনের দাম বেড়েছে। কারওয়ান বাজারে লম্বা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়, যা আগে ছিল ৬০ টাকা। শসা ২০ টাকা বেড়ে কেজি ৮০ টাকা, পটলও মিলছে একই দামে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।

তবে রমজানে দামের কারণে ভোগান্তিতে ফেলা লেবুর বাজারে স্বস্তি ফিরেছে। বর্তমানে মানভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। বাজারে উঠেছে মৌসুমি ফল কাঁচা আম, যার দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা।

সবজি বিক্রেতাদের একজন জানান, “শুক্রবার বাজারে ভিড় বেশি হয়, তাই দাম একটু বেশি থাকে।” অন্য এক বিক্রেতা বলেন, “ঈদের পর এখনও বাজার পুরোপুরি জমে ওঠেনি, তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

ক্রেতাদের বক্তব্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন বলেন, “শীতকালীন সবজি কমে আসায় বাজারে প্রভাব পড়েছে।” আরেকজন বলেন, “রোজার মাসের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে।”

অন্যদিকে, মাংসপ্রেমীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। ঈদের আগে যেখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ২৩০ টাকা কেজি দরে, এখন তা ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গরুর মাংসের দামও কিছুটা কমেছে— গত সপ্তাহে প্রতি কেজি ৮০০ টাকা হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language