ঢাকা, ১১ এপ্রিল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, দেশের বর্তমান অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকারই একমাত্র সমাধান।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে সেলিমা রহমান বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সংবিধান ও জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতায় থাকার চেষ্টা গণতন্ত্রের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে নয়, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতেই ভোটের কথা বলছে। বিএনপি কখনোই নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থেকেও না।”
সেলিমা রহমানের বক্তব্যে উঠে আসে বিরোধী দল হিসেবে বিএনপির আত্মবিশ্বাস এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা।

একটি মন্তব্য পোস্ট করুন