ব্রেকিং নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন: পালতোলা নৌকা বাদ, আসছে শাপলা ও পাটপাতা সংবলিত নতুন নকশা



ঢাকা, ১১ এপ্রিল

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের আলোচনার মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে পুলিশের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন লোগো থেকে বাদ পড়ছে বহুদিনের পরিচিত প্রতীক— পালতোলা নৌকা। এর পরিবর্তে যুক্ত হচ্ছে জাতীয় ফুল শাপলা, ধান-গমের শীষ ও পাটপাতা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, “বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।”

নতুন লোগোর বর্ণনায় বলা হয়েছে, পানির ওপর ভাসমান শাপলা ফুলের পেছনে থাকবে ধান ও গমের শীষ, এবং তার নিচে পাটপাতার টবের মধ্যে লেখা থাকবে ‘পুলিশ’।

পুলিশ সদরদফতরের পক্ষ থেকে জেলার ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নিতে হবে।

এর আগে, পুলিশের নতুন পোশাকের ট্রায়ালও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পোশাক ও লোগোর পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই তা চূড়ান্তভাবে কার্যকর হবে।

এই পরিবর্তনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে যেমন প্রস্তুতির তৎপরতা চলছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরে লোগোর প্রতীক পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language