নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, সড়ক ও রেলপথে যাত্রী ও গ্রাহক সেবা বিঘ্নিত হলে তা টেলিভিশনের স্ক্রলে দ্রুত প্রচার করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (২৭ এপ্রিল) এক দাফতরিক নির্দেশনায় তিনি এ আদেশ দেন।
নির্দেশনায় বলা হয়, গত শনিবার মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং খুলনা অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়। অথচ এসব ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা উপদেষ্টাকে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি। ফলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই এসব তথ্য জানতে বাধ্য হন।
এর প্রেক্ষিতে উপদেষ্টা নির্দেশনা দেন, ভবিষ্যতে যেকোনো গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা দ্রুত টেলিভিশনের স্ক্রলে প্রচার করতে হবে। পাশাপাশি সেবা পুনরায় স্বাভাবিক হলে সেটিও জানিয়ে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে। তিনি আরও স্মরণ করিয়ে দেন, "গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয়, বরং দায়।"
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, মেট্রোরেল ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় সংশ্লিষ্ট দফতরগুলোর তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানতে চেয়েছেন, কেন গ্রাহক ও যাত্রীদের অবহিত করা হয়নি এবং কেন সংশ্লিষ্ট দফতরগুলো দুঃখ প্রকাশ করেনি। ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা এড়াতেই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন