জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনার তাগিদ প্রধান উপদেষ্টার



ঢাকা, ১২ এপ্রিল:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সংস্কার কার্যক্রমে গতি আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

বৈঠকে কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। জানানো হয়, ইতোমধ্যে সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চালানো হচ্ছে। শনিবার পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারিত রয়েছে।

এছাড়া সংস্কার কার্যক্রম নিয়ে জনমত যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দ্রুত সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language