কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৪ জন নি'হত: মোদিকে ফোনে সমবেদনা ও সমর্থন ট্রাম্পের



আন্তর্জাতিক ডেস্ক, ২৩ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাবে।"

এর আগে, হামলার পরদিন মঙ্গলবার ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, "কাশ্মীর থেকে আসা খবর হৃদয়বিদারক। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে।"

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পর্যটকদের একটি দলের ওপর পহেলগামের একটি উন্মুক্ত মাঠে আচমকা এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা।

নিহতদের সংখ্যা নিয়ে সরকারি সূত্র এখনো কোনো নিশ্চিত তথ্য না দিলেও, বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে, হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন, এএফপি-কে উদ্ধৃত করে জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ২৪ জনে পৌঁছেছে।

এ ঘটনায় আরও বহু পর্যটক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর থেকে পহেলগাম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কাশ্মীরের এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় তুলেছে। জাতিসংঘসহ একাধিক দেশ এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতকে সমর্থন করার বার্তা দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language