সাতক্ষীরা, ৮ এপ্রিল: সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা বাজার মোড় এলাকায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে একটি দ্রুতগামী মাছবাহী ট্রাক। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সাতক্ষীরা-খুলনা সড়ক ধরে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন। কুমিরা বাজার মোড়ে পৌঁছালে হঠাৎ পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।
পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার মাসুদুর রহমান বলেন, “দ্রুতগতির মাছবাহী ট্রাকটি বাসকে পাশ কাটাতে গিয়ে ধানক্ষেতে উল্টে যায়। চালক সামান্য আহত হয়েছেন, তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন