ঢাকা, ৭ এপ্রিল — ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক রাজু জানান, “শিক্ষক তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।”
সম্প্রতি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে তাহমিনা রহমানের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তিনি শিক্ষার্থীদের এই আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠে।
ঘটনার পর তিনি সোমবার রাতের দিকে একটি ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান। সেখানে তিনি লেখেন, “আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে কষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি কখনোই ফিলিস্তিন ও গাজার মজলুম মুসলিমদের উপর ইসরাইলের বর্বরতা সমর্থন করিনি।”
তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো তার প্রকৃত মনোভাবের প্রতিফলন নয় এবং বক্তব্যগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “আমি নিঃসন্দেহে গাজার জনগণের পাশে আছি। তাদের ন্যায্য অধিকার ও স্বাধীনতার পক্ষে সবসময়ই দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি।”
ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, সহকর্মী ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে তাহমিনা রহমান বলেন, “আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন।”
উল্লেখ্য, তাহমিনা রহমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন