ব্রেকিং নিউজ

‘নতুন দলগুলো পুরোনো রাজনীতির পথে হাঁটছে’ — মানিকগঞ্জে নুর



মানিকগঞ্জ,

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তরুণ প্রজন্মের অনেকেই নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বললেও তারা বাস্তবে পুরোনো রাজনীতির অপসংস্কৃতি—পেশীশক্তি, কালো টাকা ও আধিপত্য বিস্তারের দিকেই ঝুঁকছে। নতুন রাজনৈতিক দলের যদি এই পরিস্থিতি হয়, তবে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়বে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “দেশ কীভাবে চলবে, নির্বাচন ও ক্ষমতার পালাবদল কীভাবে হবে—তার একটি শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। এ জন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কারের পরই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। “আমি আশা করি, আগামী জাতীয় নির্বাচন হবে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য,” বলেন নুর।

নুর অভিযোগ করেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বনাম সংস্কার—এমন দুই ধারাকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি পক্ষ নতুন সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিকভাবে ফায়দা লোটা।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language