মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়।
আজ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। তারা হলেন—শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।
এর আগে গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। এরপর ২৩ এপ্রিল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের শুনানি শেষে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।
ঘটনার সূত্রপাত ৬ মার্চ। ওইদিন মাগুরা সদর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ১৩ মার্চ শিশুটি মৃত্যুবরণ করে।
পরে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং দ্রুত বিচারকাজ শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন