ঢাকা, ৯ এপ্রিল: বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। আজ বুধবার সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এই সেবার আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।
সম্মেলনের ভেন্যুতে উপস্থিত অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে, সম্মেলনের সকল কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই সেবার মাধ্যমেই।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংক ইতোমধ্যেই বিডার বিনিয়োগ নিবন্ধন সম্পন্ন করেছে। গত ২৯ মার্চ প্রতিষ্ঠানটি বিডা থেকে এই অনুমোদন পায়।
তবে দেশজুড়ে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (Non-Geostationary Orbit) নীতিমালার আওতায় প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন