খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের সাথে বন্ধ রেল যোগাযোগ


ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা, বেনাপোল এবং রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত বগি সরিয়ে নিতে রাজবাড়ী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রেলের কর্মকর্তাদের নিয়ে ভাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, “লাইনচ্যুত কোচ উদ্ধারের জন্য আমরা রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, “ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেল জংশন পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন ও লাগেজ ভ্যান দুটি এক লাইন থেকে অন্য লাইনে চলে যায়। ফলে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।” তিনি আরও জানান, রাজবাড়ী ও ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, “লাইনচ্যুতির ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে চলছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language