আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর শাহবাগে এক কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “সারা দেশে যেসব স্থানে পূর্বে গণজমায়েত হয়েছে, সেইসব পয়েন্টেই আগামীকাল গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। আমরা ইতোমধ্যে টানা ২৫ ঘণ্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যা শুরু হয়েছে গতকাল রাত ১০টা থেকে।”
হাসনাত আরও বলেন, “এই কর্মসূচি কবে শেষ হবে, তা আমরা জানি না। তবে এটা নিশ্চিত, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। ইতোমধ্যে আমরা তিন দফা দাবি উত্থাপন করেছি। প্রথমত, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে এর সব সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।”
তিনি আরও জানান, তিন দফা দাবির ভিত্তিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকাল বিকেল ৩টায় শাহবাগে কেন্দ্রীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের যেসব এলাকায় পূর্বে আন্দোলনের সূচনা হয়েছিল, সেসব ‘জুলাই পয়েন্টে’ একযোগে গণজমায়েত কর্মসূচি পালিত হবে।
হাসনাত শেষ করেন এই বলে, “এই আন্দোলন একদিকে বাংলাদেশপন্থীদের, অন্যদিকে ফ্যাসিবাদপন্থীদের বিরুদ্ধে। এটি একটি আদর্শিক লড়াই।”

একটি মন্তব্য পোস্ট করুন