২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৭


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৯ মে সকাল ৮টা থেকে শনিবার ১০ মে সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন। তবে এই সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১০ মে) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন রয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ২৩ জন রোগী।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৭২ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৬ শতাংশ নারী। এর মধ্যে ২ হাজার ৭০৮ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের।

২০২৪ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং এদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ, আর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language