ঢাকা, ১০ এপ্রিল — অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, হাবিব হাসানের বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে, তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে প্রায় ৩১০ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এসব অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ জুলাই ঢাকা-১৮ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে হাবিব হাসান জয়ী হন এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন