সিলেট, ১০ এপ্রিল:
সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে গার্ড অব অনার দেয়ার জন্য বিছানো লাল গালিচা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে থানায় এ ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো? এগুলো এখনই উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো।” এ সময় তিনি পুলিশ কমিশনারকে খুঁজতেও বলেন এবং পরে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
মব ও অস্ত্র লুট নিয়ে হুঁশিয়ারি
থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কোনও মব সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, “থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থেকেই যাবে।”
তিনি সবাইকে মব সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।”
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও নতুন কোনো অগ্রগতি বা তথ্য মেলেনি।

একটি মন্তব্য পোস্ট করুন