ঢাকা, ১১ এপ্রিল
বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী 'মঙ্গল শোভাযাত্রা'র নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম।
তিনি জানান, “মঙ্গল শব্দটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক এবং আপত্তি ছিল। এই শব্দের সঙ্গে ফ্যাসিবাদের কিছু ঐতিহাসিক চর্চা জড়িত বলে মত রয়েছে অনেকের। তাই আমরা অতীতে ফিরে গেছি—যেখান থেকে শোভাযাত্রার সূচনা হয়েছিল। তখন নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। সেই নামকেই এবার ফিরিয়ে আনা হয়েছে।”
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও নানা ধরনের প্রতীকী মোটিফ। নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে শোভাযাত্রার দুই পাশে, তবে সামনের অংশে নয়।
নববর্ষ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে থাকছে সাংস্কৃতিক আয়োজন। সকালে রবীন্দ্র সরোবরে পরিবেশনা করবে সুরের ধারা। এবারের শোভাযাত্রায় অংশ নেবে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খিয়াং, খুমি, সাঁওতাল, বম, লুসাইসহ ২৮টি জাতিগোষ্ঠী। প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে রক ব্যান্ড সংগঠন বামবা (BAMBA)। এছাড়া থাকবেন ২০ জন নারী ফুটবলারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শিল্পকলা একাডেমির আয়োজনে নববর্ষের অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৭টায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজন করা হয়েছে বিশেষ ড্রোন শো।
এছাড়া রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলার বকুলতলায় চৈত্রসংক্রান্তি উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন