ব্রেকিং নিউজ

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

 


সুনামগঞ্জ, ১০ এপ্রিল:

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ধান কাটার কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় একটি ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম পরিদর্শন করেন উপদেষ্টা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। পরে উপদেষ্টা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ফোন করে দ্রুত ড্যাম মেরামতের নির্দেশ দেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, “৭ দিনের মধ্যে কাজ শুরু না করলে আপনাকেই রিপেয়ার করে দেব।”

সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনায় সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির মন্তব্য, “সরকার মব ঠেকাতে ব্যর্থ”—এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা বলেন, “ঘটনা কিছু ঘটবে, কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতেও যেকোনো বিশৃঙ্খল ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ বর্তমান সরকারকে আরও পাঁচ বছর দেখতে চায়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language