ঢাকা, ১০ এপ্রিল:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক চুক্তি ও বিনিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ময়নুল ইসলামকে অন্যান্য সকল পেশা ও কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে চুক্তিভিত্তিকভাবে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন মো. ময়নুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে, গত বছরের ২০ নভেম্বর তাকে সেই পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।
আইজিপির পদ থেকে সরানোর পর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি হিসেবে গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে। সর্বশেষ, পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন