সন্ত্রাসী সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়ার অনুমোদন
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, “সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইন প্রণীত হয়। তবে, উক্ত আইনে কোনো ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। সময়ের বাস্তবতায় সেই আইন সংশোধনের মাধ্যমে এ ধরনের সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
সংশোধনীতে আরও বলা হয়েছে, নতুন বিধানে শুধু সন্ত্রাসী সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধই নয়, বরং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচারণাও নিষিদ্ধ করা হবে। সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অভিযোজন এবং প্রয়োজনে আইন প্রয়োগের ক্ষমতাও যুক্ত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সংশোধিত অধ্যাদেশটি সোমবার (১২ মে) জারি হতে পারে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন