লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানোর ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা


মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দুই তরুণীকে মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় থেমে থাকা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে প্রধান আসামি হিসেবে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এ মামলাটি দায়ের করা হয়, যেখানে যৌন নিপীড়ন, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে নেহাল মুন্সীগঞ্জ সদর থানায় গেলে পুলিশ তাকে আটক করে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “গত শুক্রবার ১৯-২০ বছর বয়সী দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার আমরা নেহাল আহমেদকে থানায় ডাকি এবং তিনি আসার পর তাকে আটক করা হয়। মামলার জন্য তরুণীদের থানায় আসতে বলা হলেও তারা আসেননি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে অনুরোধ করা হয়, কিন্তু তারাও আসেননি।”

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, এসআই মিলন বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন, যেখানে তরুণীদের মারধর, লঞ্চে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করবেন নৌ পুলিশের এসআই ইমরান আহম্মেদ। অভিযুক্ত নেহাল আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ‘এমভি ক্যাপ্টেন’ নামের একটি লঞ্চে দুই তরুণীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে এক তরুণ বেল্ট দিয়ে মারধর করছেন। এ সময় আশপাশে উপস্থিত লোকজন সেই দৃশ্য মোবাইলে ধারণ করে উল্লাস করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language