ঢাকা, ১৩ এপ্রিল:
মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে এবং আজই তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, মামলাটির বিচার আগামী ৯০ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল আরও বলেন, মডেল মেঘলা আলমকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা যথাযথ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডিটেনশন দিয়েছিল, তবে গ্রেফতারের পদ্ধতিতে ত্রুটি ছিল। বিষয়টি ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। মেঘলা আলমের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং তা পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সেখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আর যারা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন, তারা অনেকেই সন্দেহজনকভাবে গ্রেফতার হয়েছিলেন।"
বিশেষ ক্ষমতা আইন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই আইন বাতিল করতে হলে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল, যার মধ্যে হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়। এটি ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার একটি চক্রান্ত। এই পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এছাড়া তিনি জানান, বর্তমান সরকার ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে, যা বিচার বিভাগের স্বাধীনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বক্তব্যের পর দেশের বিচার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।

একটি মন্তব্য পোস্ট করুন