মৃত্যুর আগেই বিল গেটস সম্পদের ৯৯ শতাংশই দান করবেন মানবসেবায়


মৃত্যুর আগেই নিজের ৯৯ শতাংশ সম্পদ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিল গেটস। গতকাল বৃহস্পতিবার (৮ মে) ব্যক্তিগত ব্লগে প্রকাশিত এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। আগামী দুই দশকের মধ্যে তার নিজস্ব দাতব্য সংস্থা 'গেটস ফাউন্ডেশন'-এর মাধ্যমে তিনি বিতরণ করবেন প্রায় ২০ হাজার কোটি ডলার, যা মূলত মানবসেবামূলক কাজে ব্যয় হবে বলে জানিয়েছেন এই প্রভাবশালী ধনকুবের।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হিসেবে পরিচিত বিল গেটস মনে করেন, সমাজে সম্পদ ফিরে দেওয়া ধনী ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এই লক্ষ্যেই তিনি জানান, আগামী ২০ বছরের মধ্যেই নিজের ৯৯ শতাংশ সম্পদ দান করবেন। এই বিপুল অর্থ ব্যবহৃত হবে তিনটি মূল লক্ষ্য অর্জনে: মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল, এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের দারিদ্র্য দূরীকরণ।

এর আগেও, ২০২২ সালে এমন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন গেটস। সে সময় তিনি জানিয়েছিলেন, মৃত্যুর পর ধাপে ধাপে দান করা হবে তার সম্পদ। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি ঘোষণা দিয়েছেন, জীবিত অবস্থাতেই সম্পদ বিলিয়ে দিতে চান, যাতে তার উদ্দেশ্য ও সততা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

তিনি আরও জানান, ২০৪৫ সালের ৩১ ডিসেম্বর গেটস ফাউন্ডেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এর আগেই সম্পূর্ণ অর্থ মানবকল্যাণে ব্যয় করা হবে। ইতোমধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে ফাউন্ডেশনটি ব্যয় করেছে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার।

বিল গেটস বলেন, “যদি আমরা ফাউন্ডেশনটিকে চিরস্থায়ী করার চিন্তা পরিহার করি, তবে এখনই অনেক বেশি সহায়তা প্রদান সম্ভব হবে। ২০ বছর পরেও অনেক ধনী ব্যক্তি থাকবেন, যারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন।”

তবে ব্লুমবার্গের তথ্যমতে, নিজের মোট সম্পদের ৯৯ শতাংশ দান করলেও বিল গেটসের হাতে শত কোটি ডলারের সম্পদ থেকে যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language