জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি, চিঠির প্রেরক ‘বুলেট’ নামে পরিচিত
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন পরিবার-পরিজনসহ হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।
শনিবার (১৭ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আখতার হোসেন লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরক ছদ্মনামে পরিচিত ‘বুলেট’।”
তিনি আরও লেখেন, “চিঠিটি গতকাল (শুক্রবার) ডাকপিয়ন আমার বড় ভাইয়ের হাতে দেন। চিঠি পড়ার পর থেকে পরিবারজনে ভয় ও উৎকণ্ঠা বিরাজ করছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আমাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই খুন করা হবে এবং নানা রকম ঝামেলায় ফেলার হুমকিও দেওয়া হয়েছে।”
নিজের জীবনের ঝুঁকির বিষয়েও মন্তব্য করে তিনি লেখেন, “আমি বোনাস লাইফে আছি। একাধিকবার মৃত্যু খুব কাছে এসে ফিরে গেছে। তা জেনেও আমি প্রতিবাদের পথ থেকে সরে যাইনি, ভবিষ্যতেও সরে যাবো না ইনশাআল্লাহ। আমার ভরসা আল্লাহ।”
হুমকি সংক্রান্ত এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না—সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন