কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে আটক দুই ভাই


কৃষকের ছদ্মবেশে ৩৬৫ বোতল ফেনসিডিল পাচার, নাটোরে দুই ভাই আটক

কৃষকের ছদ্মবেশ ধারণ করে পাওয়ার টিলারের চালকের সিটের নিচে অভিনব কায়দায় ৩৬৫ বোতল ফেনসিডিল লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন দুই ভাই। তবে শেষ রক্ষা হয়নি। নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় তাদের আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (১১ মে) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে, মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, দুই ভাই মাদক পাচারকারীর ছদ্মবেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে পৌঁছান। পাওয়ার টিলারে করে কৃষিকাজের ভান করে তারা এই যাত্রা সম্পন্ন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি গোয়েন্দা দল শেরকোলে অভিযান চালিয়ে পাওয়ার টিলারটি থামিয়ে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে দুই ভাইকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিএনসির উপপরিচালক।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language