নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক-মালিক ঐক্য প্রয়োজন: মে দিবসে শ্রম সচিবের আহ্বান



ঢাকা, ১ মে — "নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক ও মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য"— এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শ্রম সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের কল্যাণে নতুনভাবে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর পোশাক খাতের শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ৫ আগস্টের পর কিছু মালিক আত্মগোপনে গেছেন এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। বকেয়া বেতন ও পাওনার বিষয়টি দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ অধিদফতর গঠন করা হচ্ছে। শ্রমিকদের জন্য সারা দেশে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে এবং একটি হেল্পলাইন খোলা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও, ধাপে ধাপে শ্রমখাতের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।

সফিকুজ্জামান জানান, শ্রম অধিকার ও নিরাপত্তা উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার।

এ বছরের মে দিবসে সরকারি কর্মকর্তাদের বক্তব্যে যেমন উঠে এসেছে শ্রমিক কল্যাণের অঙ্গীকার, তেমনি জোর দেওয়া হয়েছে শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির পরিবেশ তৈরির ওপর।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language