প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ডিএনসিসি-ডিএমপির যৌথ অভিযান শুরু হবে

 


ঢাকা, ২৬ এপ্রিল:
ঢাকা মহানগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ এজাজ বলেন, "ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে খুব শিগগিরই অভিযান শুরু হবে। ডিএমপি ইতোমধ্যে এসব ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে এবং রাতের সময় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে।"

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ যদি সোচ্চার হয়, তাহলে অবৈধ অটোরিকশা এবং হকারদের কার্যক্রম বন্ধ করা সহজ হবে। পাশাপাশি গরমের তীব্রতা কমাতে রাস্তার পাশে ব্যাপকভাবে গাছ লাগানোরও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language