ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত, আটকের মুখে আরও ৮ জন



সাহারানপুর, ভারত | ৭ এপ্রিল ২০২৫ — ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলায় বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট দফতর ঘটনাটিকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।


ঘটনাটি ঘটেছে সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে। বরখাস্ত হওয়া কর্মীর নাম সাকিব খান। তিনি বিদ্যুৎ বিভাগের একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, গত ৩১ মার্চ ঈদের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়িয়ে তার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সাকিব। ছবিটি ভাইরাল হয়ে পড়লে তা বিদ্যুৎ বিভাগের নজরে আসে।


পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী সঞ্জিব কুমার জানান, “এই ঘটনার তদন্ত করে দেখা যায়, রাষ্ট্রীয় স্বার্থবিরোধী প্রতীক উড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এরপর আমরা সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানিকে চিঠি দিয়ে সাকিবকে অব্যাহতি দিতে নির্দেশ দিয়েছি।”


এদিকে, একই দিনে সাহারানপুরের বিভিন্ন স্থানে স্থানীয় জনতা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পতাকা হাতে মিছিল করে। সেই মিছিলের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ৮ জনকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে।


এই ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ জাতীয় স্বার্থের প্রশ্ন তুলে এর পক্ষে অবস্থান নিচ্ছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language